জুলাই ইস্যুতে সরকারকে প্রতারণার অভিযোগ, বিচারের অগ্রগতি নিয়েও প্রশ্ন শফিকুর রহমানের
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জনগণের সঙ্গে সরকার প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশের ৭০ শতাংশ জনগণের গণরায়কে অপমান বা উপেক্ষা করবেন না। আজ পর্যন্ত যারা জনগণের রায় উপেক্ষা করেছে, তাদের পালাতে হয়েছে। আপনাদেরও পালানোর পথ থাকবে না।”
তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না থাকায় সরকারপ্রধানের কাছে জবাবদিহি দাবি করেন তিনি।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, “শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। এই ফ্যাসিবাদ কোনোভাবেই সহ্য করা হবে না।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সার্বিক অবস্থা দেখে আরও একটি আন্দোলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে নেতাকর্মীদের ‘নতুন ফ্যাসিবাদের’ বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।