বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়ভিসার নামে প্রতারণা, বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন

ভিসার নামে প্রতারণা, বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন

favicon
ভোরের আলো ডেস্ক:
ভিসার নামে প্রতারণা, বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের প্রতারণা থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসা বা কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করে প্রতারণার অভিযোগের পর এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।


বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম **এক্স**-এ প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, প্রতারকরা তাদের কর্মকর্তা পরিচয় ব্যবহার করে ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।


হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, **তাদের কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে ভিসার প্রতিশ্রুতি দেন না কিংবা অর্থ দাবি করেন না।** ভারতীয় ভিসার সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়।


এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা অন্য কোনো আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।


হাইকমিশন আরও জানিয়েছে, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ **[visa.dhaka@mea.gov.in](mailto:visa.dhaka@mea.gov.in)** ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।


এ ছাড়া সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।