শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
সাইফুল আলম মিরাজ
নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। তিনি নদীদূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।


প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আলোচনায় শিল্প-কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালের নাব্যতা কমে যাওয়া এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদীদূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।


এ ছাড়া শিল্প-কারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপরও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।