তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি, সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালত হাফিজুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২ আগস্ট শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথিকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানকে জামিন দেন। পরে ৪ আগস্ট সন্ধ্যায় তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
জামিনের আদেশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন নিয়ে চেম্বার আদালতের দ্বারস্থ হয়।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।