রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিপুলিশ-প্রশাসনে আবারও দলীয়করণ হয়েছে: নাহিদ ইসলাম

পুলিশ-প্রশাসনে আবারও দলীয়করণ হয়েছে: নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
পুলিশ-প্রশাসনে আবারও দলীয়করণ হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় নেতা নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও দলীয়করণের শিকার হয়েছে। এসব প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না বলেও মন্তব্য করেন তিনি।


শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি ও কাঠামোগত পরিবর্তন না হলে শুধু সরকার বা সরকারপ্রধান পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। কোনো ব্যক্তি বা সরকারপ্রধানের ব্যক্তিগত ইচ্ছার ওপর রাষ্ট্র পরিচালনা নির্ভর করতে পারে না।


তিনি বলেন, কাঠামোগত সংস্কার না করা হলে বর্তমান সরকারও একসময় স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এ ধরনের প্রবণতা সরকারের ভেতরে রয়েছে এবং অতীতের অভিজ্ঞতা থেকেও বিষয়টি দেখা গেছে।


আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ বলেন, দলটি ব্যর্থ হয়েছে। তারা দেশে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে জনগণের প্রতিরোধের মুখে পড়বে। এ পরিস্থিতি মোকাবিলায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি।


নাহিদ ইসলামের অভিযোগ, সরকারের পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবেই পতিত স্বৈরাচারী শক্তি বিদেশে অবস্থান করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। সংস্কার ইস্যুতেও সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পতিত স্বৈরাচারী শক্তিকে মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।