সংসদীয় অপরাজনীতির সুযোগ বন্ধে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
সংসদীয় পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংসদীয় ব্যবস্থা কার্যকরভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেলে কেউ অপরাজনীতি করার সুযোগ পাবে না।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাদ দিয়ে শুধু জুলাই গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশের ইতিহাস শুরু করার চেষ্টা করা হলে জুলাই অভ্যুত্থান তার পূর্ণাঙ্গ মাত্রা পাবে না। দেশের ইতিহাসের ধারাবাহিকতা বিবেচনায় নিয়েই জুলাই অভ্যুত্থানকে মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, দেশকে সঠিকভাবে রূপান্তরের জন্য এমন বড় সুযোগ এর আগে কখনো তৈরি হয়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে।
আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে টানাটানি শুরু হয়েছে বলেও মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদরা যে দায়িত্ব দিয়ে গেছেন, তা পূরণ করতে হলে এ ধরনের ‘বালখিল্যতা’ নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়।