শেখ হাসিনাকে দেশে ফেরাতে কার্যকর উদ্যোগ চান জামায়াত
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি এবং তাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জাতিসংঘের সহযোগিতা নেওয়া উচিত।
গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কূটনৈতিক শৈথিল্য দেখালে জনগণের কাছে তাদের কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে।
শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ায় ভারতের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের এমন আচরণ কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তার দাবি, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক আহ্বান উপেক্ষা করে ভারত তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে।
গোলাম পরওয়ারের অভিযোগ, ভারতের এমন অবস্থান আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। তিনি ভারত সরকারের এ ধরনের কূটনৈতিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।