‘দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয়’
দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, সরকার কোনো ভুল করলে সম্মিলিতভাবে তা সংশোধন করতে হবে এবং কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না।
শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোরও নানা ভুল রয়েছে এবং তাদের শেখার অনেক কিছু আছে। সাম্য, মানবিক মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতোই ২০২৪ সালের জুলাই-আগস্টে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের এত বছর পরও দেশের মানুষের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ও অর্থের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষাই এর অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাজনৈতিক দলসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অস্থায়ী রাষ্ট্রপতি।