রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমখেলা২০২৮ কোপা আমেরিকায় মেসির খেলা নিয়ে যা বললেন এএফএ সভাপতি

২০২৮ কোপা আমেরিকায় মেসির খেলা নিয়ে যা বললেন এএফএ সভাপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
২০২৮ কোপা আমেরিকায় মেসির খেলা নিয়ে যা বললেন এএফএ সভাপতি

২০২৮ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার ওপর ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির ওপর এ বিষয়ে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে না বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া।


স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ২০২৮ কোপা আমেরিকায় খেলা বা না খেলার সিদ্ধান্ত মেসির ব্যক্তিগত বিষয়। তিনি খেলতে চাইলে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৯ বছর বয়সী মেসি। পুরো টুর্নামেন্টে আট গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেন তিনি। তবে বিশ্বকাপের পর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনো নিজের সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন মহাতারকা।


তাপিয়া বলেন, ২০২২ বিশ্বকাপের পরও তারা জানতেন না মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখন মেসি এক ম্যাচ করে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন। শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে তার অন্যতম সেরা পারফরম্যান্স দেখা গেছে বলে মন্তব্য করেন এএফএ সভাপতি।


আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনও অনন্য। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে রেকর্ড ২০৭ ম্যাচে ১২৫ গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি।


মেসির প্রশংসা করে তাপিয়া বলেন, তাকে নিয়ে আর্জেন্টিনার গর্ব করা উচিত। মেসি যেন ফুটবল উপভোগ করেন এবং নিজের জন্য যেটিকে সঠিক মনে করেন, সেই সিদ্ধান্তই নেন—এটাই তারা চান।


### স্কালোনিকে রাখতে চান তাপিয়া


আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তাপিয়া। চলতি বছরের শেষ দিকে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন তিনি।


তাপিয়া বলেন, তার পরিকল্পনায় স্কালোনিই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ। তিনি চান স্কালোনি দায়িত্বে থাকুন এবং সবাই সেটিই চায়। তবে শেষ সিদ্ধান্ত স্কালোনির। তিনি যদি মনে করেন নতুন করে সাফল্য পাওয়ার প্রেরণা বা পথ নেই, তাহলে তাকে জোর করে দায়িত্বে রাখা সম্ভব নয়।


২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্কালোনি দেশটির ইতিহাসের অন্যতম সফল কোচ। তার অধীনে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা—টানা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা।


বর্তমান আর্জেন্টিনা দলকে সর্বকালের সেরা দলগুলোর একটি উল্লেখ করে তাপিয়া বলেন, এই দল পুরো দেশকে আনন্দ দিয়েছে। এমন একটি দল তারা গড়ে তুলেছে, যার সঙ্গে আর্জেন্টিনার মানুষ নিজেদের সম্পৃক্ত মনে করে।