রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ

যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন এবং শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলবে না।


শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বকে ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চান, তাদের সতর্ক হতে হবে। একাত্তরের চেতনা বিক্রি করে রাজনীতি করার প্রবণতা বাংলাদেশে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, একাত্তরের চেতনা বিক্রি করতে করতে শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন।


নতুন রাজনৈতিক শক্তিগুলোর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বন্দোবস্ত ও নতুন রাজনীতির কথা বলা হলেও অনেকে পুরোনো রাজনৈতিক ধারাতেই এগোচ্ছেন। তাদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে এখনও অনেক কিছু শেখার আছে। রাজনৈতিক মাঠ কঠিন এবং দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।


### শেখ হাসিনা ও ভারত প্রসঙ্গে


শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা পরস্পরবিরোধী। ভারত সরকার বিষয়টি বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


তিনি অভিযোগ করেন, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। ভারতের এমন ‘দ্বিমুখী অবস্থান’ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।


গণঅভ্যুত্থান নিয়ে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বক্তব্যকে তিনি ‘অপতত্ত্ব ও মিথ্যা’ হিসেবে উল্লেখ করেন।


### রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের দাবি


বিএনপি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পরই বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কারও বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য না দিয়ে গণতান্ত্রিক বিতর্কের মাধ্যমে রাজনীতি করার কথা বলেন তিনি।


বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জেলায় দেওয়া বিভিন্ন বক্তব্য ও উসকানির প্রসঙ্গ তুলে তিনি নতুন রাজনৈতিক কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকায় ভুল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে এগিয়ে যেতে হলে তাদের আরও অনেক কিছু শিখতে হবে।