রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালততনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, চেম্বার জজ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় এবং একই আদেশে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এর আগে চলতি বছরের ২২ এপ্রিল রাতে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২ আগস্ট হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই আদেশের পর ৪ আগস্ট কারাগার থেকে মুক্তি পান তিনি।


হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। ৬ আগস্ট চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।


### যেভাবে ঘটেছিল তনু হত্যাকাণ্ড


২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাড়ি ফেরেননি সোহাগী জাহান তনু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


তনুর বাবা ইয়ার হোসেন পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।


মামলার তদন্তকারী সংস্থা পিবিআই চলতি বছরের ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তনু হত্যাকাণ্ডের সময় ২০১৬ সালে তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান হাফিজুর রহমান।