সালাহউদ্দিনকে গুমে শেখ হাসিনাসহ তৎকালীন র্যাব-পুলিশ কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনাল
২০১৫ সালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রাখার ঘটনায় শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র্যাব ও পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
শনিবার (৮ আগস্ট) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তদন্তে উঠে এসেছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
চিফ প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমদকে গুম করার পর ভারতে পাচারের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিষয়েও তদন্ত চলছে। ইতোমধ্যে তার কাছ থেকে মৌখিক জবানবন্দি নেওয়া হয়েছে। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে।
এদিকে তদন্ত সংস্থার কাছে দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তদন্ত সংস্থা বলছে, এসব তথ্য ও জবানবন্দি পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা চিহ্নিত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।