অর্থমন্ত্রীকে সভাপতি করে পে কমিশন প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে।**
সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির প্রধান দায়িত্ব হবে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্যকে কো-অপ্ট করতে পারবে।
কমিটির সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।
কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে পে কমিশনের প্রতিবেদনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।