বাবাকে শেষবিদায় জানাতে আর্জেন্টিনায় ফিরছেন মেসি
বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোকে ভেঙে পড়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পরিবারের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র থেকে জরুরি ভিত্তিতে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।
ব্যক্তিগত বিমানে করে মায়ামি থেকে সরাসরি নিজের জন্মশহর রোজারিওর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা অধিনায়কের। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’ জানিয়েছে, জীবনের কঠিন এই সময়ে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং পরিবারের সদস্যদের পাশে থাকতে রোজারিও ফিরছেন মেসি।
মেসি পরিবারের পক্ষ থেকে এ সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও শোক পালনের সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
দীর্ঘদিন বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শনিবার ভোরে রোজারিওর সানাতোরিও সেন্ট্রো হাসপাতালে মারা যান ৬৮ বছর বয়সী হোর্হে মেসি। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে মৃত্যুর নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘পাহিনা ১২’ জানিয়েছে, হোর্হে মেসির স্মরণে বড় কোনো সর্বজনীন শোকানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পারিবারিক পরিবেশেই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে মেসি পরিবার।
বাবাকে হারানোর পর স্বাভাবিকভাবেই আপাতত ফুটবল থেকে দূরে থাকছেন মেসি। মেক্সিকোর ক্লাব মনতেরের বিপক্ষে ইন্টার মায়ামির আসন্ন লিগস কাপের ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে। ক্লাবের হয়ে খেলার পরিবর্তে শোকাহত পরিবারের পাশে থাকাকেই অগ্রাধিকার দিয়েছেন ৩৯ বছর বয়সী এই বিশ্বজয়ী তারকা।
বিশ্বকাপ জয়ের উৎসব শেষে রোজারিওতে ফিরে অসুস্থ বাবার সঙ্গে কিছুদিন একান্ত সময় কাটিয়েছিলেন মেসি। পরে ইন্টার মায়ামির ক্যাম্পে যোগ দিয়ে গত সপ্তাহেও মাঠে খেলেছেন তিনি। তবে বাবার মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত আর্জেন্টিনায় ফেরার সিদ্ধান্ত নেন।
হোর্হে মেসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, নিউয়েলস ওল্ড বয়েজ, কনমেবল এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্রীড়া সংগঠন।
মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার সব ঘরোয়া ফুটবল ম্যাচে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।