‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার, আওয়ামী কর্মীদের বিরুদ্ধে তাসনিম জারার অভিযোগ
সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের প্রচারের মাধ্যমে তাকে হেয় ও বিব্রত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তাসনিম জারা।
পোস্টে তিনি দাবি করেন, কিছু আওয়ামী কর্মী তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ হিসেবে প্রচার করছেন। তার ভাষ্য, তিনি মেডিসিনের চিকিৎসক এবং তাকে হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা প্রচার চালানো হচ্ছে।
তবে এ অপপ্রচারের এতদিন কোনো জবাব দেননি বলে জানান তাসনিম জারা। এর পেছনে দুটি কারণের কথাও উল্লেখ করেন তিনি।
তাসনিম জারার মতে, যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ হওয়াকে যেন লজ্জাজনক কিছু হিসেবে দেখা না হয়। তার বক্তব্য, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকেরা মানুষের এমন অনেক সমস্যায় সহায়তা করেন, যা অনেকেই পরিবার, বন্ধু কিংবা জীবনসঙ্গীর কাছেও বলতে পারেন না। তাই কোনো চিকিৎসাবিশেষজ্ঞের পেশার নামকে গালি হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যৌনস্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সংকোচ থাকার কারণে অনেকে চিকিৎসকের কাছে যেতে চান না। এর ফলে কেউ ভুল চিকিৎসার শিকার হন, ভুল ওষুধ গ্রহণ করেন কিংবা দীর্ঘদিন নীরবে সমস্যায় ভোগেন। এ ধরনের বিষয়ে সচেতনতা ও সহানুভূতিশীল আচরণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তাসনিম জারা আরও অভিযোগ করেন, তার নাম ও ছবি ব্যবহার করে ওষুধ, স্লিমিং পণ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে প্রতারণা করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তার দাবি, তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক প্রতারণা—দুই ধরনের কর্মকাণ্ডই চলছে। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।