ভারত-পাকিস্তান উত্তেজনার ছায়া খেলায়, বিদেশে সরানো হলো পিএসএল
চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানের কয়েকটি শহরে ভারতীয় ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে একটি ড্রোন আঘাত হানায় গতকাল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি ম্যাচ স্থগিত করা হয়। এরপর পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আলাদা করে আলোচনা হয়। বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি খেলোয়াড়দের আশ্বস্ত করার পাশাপাশি সম্ভাব্য ভেন্যু হিসেবে আমিরাতের কথা জানান। পিএসএলের বাকি ৮টি ম্যাচের নতুন সূচি ও ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।
এদিকে পিসিবি জানায়, যারা অগ্রিম টিকিট কিনেছিলেন, তারা অর্থ ফেরত পাবেন। অনলাইনে কেনা টিকিটের অর্থ নিজ নিজ একাউন্টে ফেরত যাবে এবং সরাসরি কেনা টিকিট নির্দিষ্ট ভেন্যু থেকে রিফান্ড করা যাবে।
ইএসপিএন ক্রিকইনফো সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় ইতোমধ্যেই পাকিস্তান ছেড়ে আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে পিন্ডি ও লাহোরের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়েও কাজ করছে বোর্ড।
ভারত দাবি করেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে সামরিক হামলার প্রতিক্রিয়ায় তারা ড্রোন হামলা চালিয়েছে। এর আগে আজাদ কাশ্মিরসহ ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক প্রাণহানির দাবি করে পাকিস্তান।