সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
পরে আশরাফুল হক ডনকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
সালমান শাহ হত্যা মামলার এজাহারে আশরাফুল হক ডনকে ৪ নম্বর আসামি করা হয়েছে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে এ হত্যা মামলা দায়ের করা হয়।
মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত।
তদন্ত শুরুর কয়েক দিন পরও আশরাফুল হক ডন ও সামিরা হকের ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। এরপর তারা পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আসামিদের দেশত্যাগ ঠেকানো এবং দ্রুত গ্রেফতারের লক্ষ্যে রমনা থানা পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য পাঠায়। এর ভিত্তিতে রোববার দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়।
এদিকে, দেশে থাকা মামলার অন্য আসামিদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করেছে পুলিশ।