বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আলোচনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুসংহত ও টেকসই করার লক্ষ্যে আইআরআইয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় দেশে গণতান্ত্রিক পরিবেশ জোরদার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মাহমুদা হাবীবা।
অন্যদিকে আইআরআই প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোকলে, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি এবং টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।