দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ
দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সন্তানের প্রতিটি বিষয়ের জন্য আলাদা গৃহশিক্ষক দেওয়ার একটি সামাজিক ধারণা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।**
রোববার (৯ আগস্ট) রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, তার দুই কন্যার জন্যও প্রতিটি বিষয়ে আলাদা আলাদা গৃহশিক্ষক রয়েছে। তবে এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশেই নয়, অনেক উন্নত দেশেও প্রাইভেট টিউশনের প্রবণতা রয়েছে। তবে শিক্ষাব্যবস্থায় এমন পরিবর্তন আনা প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের শেখার জন্য অতিরিক্ত গৃহশিক্ষকের ওপর নির্ভরশীল হতে না হয়।
বর্তমান সরকারের মেয়াদেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনার আশ্বাস দেন তিনি।
এ সময় শিশুদের খেলতে খেলতে বিজ্ঞান শেখানোর জন্য প্রাথমিকের শিক্ষাক্রমে ‘সায়েন্স টয়’ যুক্ত করার পরিকল্পনার কথা জানান ববি হাজ্জাজ।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের আকার, আকৃতি, গুণ, ভাগ, যোগ-বিয়োগসহ গণিতের মৌলিক ধারণা শেখানো হবে।