সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমজাতীয়‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’: রাষ্ট্রপক্ষ

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’: রাষ্ট্রপক্ষ

favicon
ভোরের আলো ডেস্ক:
‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’: রাষ্ট্রপক্ষ

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য অভিনেতা আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই—এমন দাবি করেছেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।**


রোববার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী এ দাবি করেন।


পিপি ওমর ফারুক ফারুকী বলেন, মামলার আসামি রিজভী আহমেদ অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে এ বিষয়ে তথ্য দিয়েছেন।


তার দাবি, ওই স্বীকারোক্তিতে রিজভী আহমেদ উল্লেখ করেছেন, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে সালমান শাহকে হত্যার জন্য আজিজ মোহাম্মদ ভাই আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন বলে স্বীকারোক্তিতে দাবি করা হয়েছে।


তবে আদালতে আশরাফুল হক ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।


বিকেলে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তার পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।


রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।


শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।


প্রায় তিন দশক পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হিসেবে তদন্ত এগিয়ে চলার মধ্যে ডনের গ্রেপ্তার এবং আদালতে রাষ্ট্রপক্ষের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।