রিয়াদে সোফা কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার এক বার্তায় তারা নিহত বাংলাদেশিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও কঠিন সময়ে পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তারা।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে দূতাবাস।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা ও সহায়তা প্রদান করছে।
প্রসঙ্গত, রোববার রাতে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক প্রাণ হারান।