প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার বৈঠকে ভারতীয় হাইকমিশনার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ, সীমান্তে হত্যাকাণ্ড, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ-ইনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত ও সংবেদনশীল ইস্যুগুলোর প্রেক্ষাপটে এ বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে।
তাদের ধারণা, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনারের এই সাক্ষাতের মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাব্য গতিপথ সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়েও বৈঠক থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসতে পারে।