বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তার মতে, এসব বিষয় কূটনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক অংশ। আলোচনার মাধ্যমে পারস্পরিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
তিনি বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারত পরস্পরের সঙ্গে নিজেদের স্বপ্ন ভাগাভাগি করে। তাই আগামী দিনগুলোও ভালো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই পক্ষকেই নিজেদের ইস্যুগুলো সমাধানে উদ্যোগ নিতে হবে। এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক ভালো থাকুক—এটাই চায়।
বাংলাদেশে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, গত দুই মাসে তিনি বাংলাদেশে যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি সত্যিই অভিভূত।