‘শেখ হাসিনা বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, ভারতও তা করতে দিয়েছে’
বাংলাদেশের বিচার বিভাগের প্রতি শেখ হাসিনা ‘বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন’ এবং ভারত সরকার তাকে তা করার সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভ হলো নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ। বাংলাদেশের বিচার বিভাগে শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে এবং আদালত তাকে দণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে কারাগারে নেওয়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ আদালতেই গ্রহণ করার কথা।
তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কোনো স্তম্ভকে যেন কেউ অবমাননা বা দুর্বল করার সুযোগ না পায়, সেটিই সরকারের প্রত্যাশা। ভারতের সঙ্গে আলোচনায় তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের শ্রদ্ধা প্রত্যাশা করে। একই সঙ্গে ভারত সরকারও বিষয়টি উপলব্ধি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টিও আলোচনা হয়েছে বলে জানান ড. খলিলুর রহমান। তার প্রত্যাবর্তনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারত সরকার ইতিবাচকভাবে সহযোগিতা করবে।