৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংক
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেখ করা বিষয়গুলো অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে কথিত ঋণ জালিয়াতির এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের অভিযোগ অনুযায়ী, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দের ব্যবস্থা করতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন।
এতে আরও বলা হয়, তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদনের অনিয়মে যুক্ত ছিলেন। অভিযোগে তাদের অনৈতিকভাবে ঋণ অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি আহ্বান জানিয়েছে।