বরিশালে তথ্যমন্ত্রীর বাড়িতে ইলিশ-ভর্তা দিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে আপ্যায়ন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। সোমবার (১০ আগস্ট) তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে এ আয়োজন বরিশালের মাটি, মানুষ ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের আন্তরিক পরিচয়ের সুযোগ তৈরি করে। মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মধ্যাহ্নভোজে বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। নদীমাতৃক এই অঞ্চলের অন্যতম পরিচিত খাবার ইলিশের পাশাপাশি আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ, নানা রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার প্রচলিত দেশীয় খাবার ছিল আয়োজনে।
খাবারের বৈচিত্র্যের মধ্য দিয়ে বিদেশি অতিথির কাছে বাংলাদেশের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি ও আতিথেয়তার ঐতিহ্য তুলে ধরা হয়। বিশেষ করে বরিশালের নদী ও জনজীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকা মাছের নানা পদ ছিল মধ্যাহ্নভোজের অন্যতম আকর্ষণ।
মধ্যাহ্নভোজের শেষ পর্বে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টান্ন।
স্থানীয় খাবারের বৈচিত্র্য, ঐতিহ্যবাহী মিষ্টান্ন এবং বরিশালের মানুষের আতিথেয়তায় মার্কিন রাষ্ট্রদূতের সফরের দ্বিতীয় দিনের এই আয়োজন হয়ে ওঠে একটি বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতা।