ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আরও বৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। পরদিন বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।