সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমসারা দেশকচুয়ায় হাসপাতালের কক্ষে ইয়াবা ও নেশার ইনজেকশন, চিকিৎসক গ্রেফতার

কচুয়ায় হাসপাতালের কক্ষে ইয়াবা ও নেশার ইনজেকশন, চিকিৎসক গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
কচুয়ায় হাসপাতালের কক্ষে ইয়াবা ও নেশার ইনজেকশন, চিকিৎসক গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ সৈয়দ আসিফ ইস্পাহানি নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চিকিৎসকের কক্ষ থেকে চার পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন, ইয়াবা সেবনের ব্যবহৃত অসংখ্য ফয়েল এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, আসিফ ইস্পাহানি একজন এমবিবিএস চিকিৎসক। তিনি নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তথ্য পাওয়া গেছে।


সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একজন চিকিৎসকের মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করানোর পরামর্শ দেন তিনি।


এ ঘটনায় ডা. সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।


অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।