সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমসারা দেশহেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


মাদরাসায় পৌঁছালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং তার ছেলে ও সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।


সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমিরকে বুকে জড়িয়ে ধরেন। পরে তারা কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে। তবে ইসলামকে ইসলামের মতো করে এগিয়ে নেওয়া হবে।


তিনি আরও বলেন, যারা অতীতে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে, তারা গত কয়েকদিন ধরে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।


দেশ পরিচালনার দায়িত্ব ঈমানের সঙ্গে পালন করতে পারেন—এ জন্য হেফাজতে ইসলামের আমিরের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান।


সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।