‘বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না’: জামায়াত আমির
সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ফ্যাসিবাদের সব পথ বন্ধ করতে হবে। জনগণের রায় মেনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মুক্ত করা জরুরি।
তিনি আরও বলেন, যারা অতীতে ক্ষমতায় থেকে যে পথে হেঁটেছেন, সেই পথের পরিণতি সবার সামনে রয়েছে। তার ভাষ্য, ওই পথ পালানোর পথ এবং যারা একই পথে হাঁটবেন, তাদেরও শেষ পর্যন্ত পালাতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে খুন, হত্যা ও বিভিন্ন ধরনের অপরাধ বেড়েই চলেছে। নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীসহ সারাদেশে খুন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এর আগে সকালে সাঘাটার বোনারপাড়ায় পৌঁছে নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। পরে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং মতবিনিময় করেন।