নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু
দীর্ঘ সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে নৌকা ও জাল নিয়ে হ্রদে নামতে শুরু করেন জেলেরা।
মাছ ধরা পুনরায় শুরু হওয়ায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। একই সঙ্গে স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতেও। এবার প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়ার আশায় রয়েছেন তারা।
মাছের প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ২৫ এপ্রিল থেকে মাছ শিকার বন্ধ করা হয়। নিয়ম অনুযায়ী ১ আগস্ট থেকে মাছ ধরা শুরু হওয়ার কথা থাকলেও পরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়।
ফলে এবার কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞার মোট সময় দাঁড়ায় তিন মাস ১৫ দিন। নিষেধাজ্ঞার পুরো সময়ে মাছ আহরণ বন্ধ থাকার পাশাপাশি স্থানীয় বরফকলগুলোও বন্ধ ছিল।
নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হওয়ায় কাপ্তাই হ্রদকে ঘিরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে। জেলে ও ব্যবসায়ীরা এখন নতুন করে মাছ আহরণ ও বেচাকেনার প্রস্তুতি নিচ্ছেন।