বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমজাতীয়তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে ৬১৯ কোটি টাকার চুক্তি

তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে ৬১৯ কোটি টাকার চুক্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে ৬১৯ কোটি টাকার চুক্তি

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার। চুক্তির আওতায় পাটকলগুলোতে প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এতে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।


মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।


চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের দায়িত্ব পেয়েছে হ্যামকো গ্রুপ।


চুক্তিতে বিজেএমসির পক্ষে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা স্বাক্ষর করেন।


চুক্তির আওতায় তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় উৎপাদনে ফিরবে। এর মধ্যে সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুট মিলে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলটি চালু হলে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান এবং বছরে প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলে বিনিয়োগ করা হবে প্রায় ২৫০ কোটি টাকা। সেখানে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান এবং বার্ষিক প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভারের লক্ষ্য রয়েছে।


অন্যদিকে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলে প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। মিলটি চালু হলে কমপক্ষে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান হবে। এ মিলের সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় ১৭৫ কোটি টাকা।


অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন করে লিজগ্রহীতাদের কাছে দখল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে নয়টি মিলে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে।