‘মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাই রাষ্ট্রকে শক্তিশালী করার পথ’: তারেক রহমান
দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু রাজনৈতিক অধিকার নিশ্চিত করলেই হবে না, মানুষের অর্থনৈতিক সক্ষমতাও নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্রও শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাব-অনটনের মধ্যে রেখে কিংবা তাদের কথা বলার সুযোগ সীমিত করে কোনো রাষ্ট্রকে শক্তিশালী করা সম্ভব নয়।
দেশীয় উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, প্রকৃত উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার। উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসার সুযোগ বাড়ানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের জীবনে অর্থনৈতিক নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে।
তিনি বলেন, **‘আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই, যেখানে সবাই এখন যে অবস্থায় আছে, তার থেকে ভালো থাকবে। এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।’**
বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে সরকার স্বাগত জানায়। তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করা প্রয়োজন।
দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা গেলে দেশে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।