বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তিতর্ক

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তিতর্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তিতর্ক

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক বুধবার (১২ আগস্ট) শেষ হওয়ার কথা রয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আজ ষষ্ঠ দিনের মতো সমাপনী বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপর পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন।


প্রসিকিউশন ইতোমধ্যে মামলায় বিভিন্ন ফোনালাপ ও অন্যান্য তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে। এর মধ্যে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের একটি ফোনালাপও রয়েছে।


গত ৪ আগস্ট প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়। টানা পাঁচ কার্যদিবসে আসামিদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য-প্রমাণ ও যুক্তি তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের দাবি, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ভূমিকা রেখেছিলেন এবং তাদের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ঘটনা ঘটে।


মামলার সাত আসামি হলেন—ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। তারা সবাই বর্তমানে পলাতক।


গত ২ আগস্ট মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।