জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনি করতে গিয়ে হত্যার শিকার হন জোবায়েদ। বিকেলে নুর বক্স লেনের রৌশান ভিলায় এক ছাত্রীকে পড়াতে যান তিনি। পরে ভবনের তৃতীয় তলার সিঁড়িতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
ঘটনার দুই দিন পর নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বংশাল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করা হয়েছে। তদন্তে তাদের মধ্যে ত্রিভুজ প্রেমের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
মামলার তিন আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।