বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে’: পাটওয়ারী

‘বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে’: পাটওয়ারী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে’: পাটওয়ারী

বিএনপি জনগণের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পাটওয়ারী বলেন, এই কাঁটা গভীরভাবে বিঁধে যাওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে। তা না হলে দীর্ঘমেয়াদে এর ক্ষত বহন করতে হবে। বিএনপিকে আরও সময় দেওয়ার পক্ষে যারা কথা বলছেন, তাদের সঙ্গেও তিনি একমত নন।


তার দাবি, গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির কর্মকাণ্ড ও রাজনৈতিক চরিত্র সম্পর্কে যথেষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও ভারতনির্ভর রাজনীতির পুনরাবৃত্তি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে উদ্বেগ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।


সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। শিক্ষা, অর্থ, স্বাস্থ্য, জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।


এ ছাড়া দেশে নতুন করে জঙ্গি তৎপরতার আশঙ্কা, পাহাড়ে অস্থিরতা এবং সম্ভাব্য খাদ্যসংকটের বিষয়গুলো উল্লেখ করে সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাটওয়ারী।


তিনি আরও অভিযোগ করেন, বর্তমান বিএনপি জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সময়ের বিএনপি নয়; দলটি ক্রমেই ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর রাজনৈতিক কাঠামোতে’ পরিণত হচ্ছে—এমন অভিযোগ ও আশঙ্কা জনমনে তৈরি হয়েছে।


বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে সময় থাকতে এই রাজনৈতিক ‘গলার কাঁটা’ সরানো জরুরি বলেও পোস্টে উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।