ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিমাদের ‘দ্বিমুখী নীতি’ নিয়ে কড়া সমালোচনা
ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর মানবাধিকার নীতির কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি পশ্চিমাদের অবস্থানকে ‘লজ্জাজনক দ্বিমুখী নীতি’ হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর অবস্থানের পর তাদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে।
তার অভিযোগ, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সমালোচনা করছে।
এর আগে ফ্রান্স জানিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নসহ ২০টির বেশি দেশ ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তেহরানের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি এবং মানবাধিকার রক্ষার আহ্বান জানানো হয়।
পশ্চিমা দেশগুলোর ওই যৌথ বিবৃতির পরই আরাঘচি এমন প্রতিক্রিয়া জানালেন।