রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ, প্রার্থী ঘোষণা করবে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
দলীয় সূত্র জানিয়েছে, দুপুর ১টার দিকে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিতর্ক এড়াতে সচিবালয়ের বৈঠকটিকে দলের স্থায়ী কমিটির আনুষ্ঠানিক বৈঠক হিসেবে দেখানো হচ্ছে না। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব আগেই দলের চেয়ারম্যানকে সর্বসম্মতভাবে দিয়েছে জাতীয় স্থায়ী কমিটি।
মূলত মনোনীত প্রার্থীর পক্ষে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই বৈঠকের আয়োজন করা হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন প্রার্থীর প্রস্তাবক এবং আরেকজন সমর্থক হবেন।