হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর ওয়াশিংটনকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। তার দাবি, ভুয়া খবরের চেয়েও বিপজ্জনক হলো ভুল গোয়েন্দা তথ্য।
এর আগে বুধবার ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি জানান, প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং এটিকে ‘ইস্পাতের দেয়াল’ হিসেবে বর্ণনা করেন।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌ ও বিমানবাহিনী কার্যত অকার্যকর এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে।
জবাবে আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভুল হিসাবের উদাহরণ রয়েছে এবং হরমুজ প্রণালি নিয়ে এবার আরও বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছে।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। বিশ্বব্যাপী তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।