ফেরত আসা শ্রমিকদের সরকারি ভাতা বাড়ানোর চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী
বিদেশ থেকে দেশে ফিরে আসা শ্রমিকদের জন্য সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
বুধবার (১২ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে শ্রম অভিবাসনবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা-২০২৬ চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী ও ফেরত আসা শ্রমিকদের স্বার্থকে দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিদেশফেরত শ্রমিকদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের কর্মসংস্থান, রেমিট্যান্স ও অর্থনীতিতে শ্রম অভিবাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বিদেশ যেতে অতিরিক্ত ব্যয়, দক্ষতার ঘাটতি, সীমিত শ্রমবাজার এবং বিদেশফেরত শ্রমিকদের পুনর্বাসনে পর্যাপ্ত সহায়তার অভাব এখনো বড় চ্যালেঞ্জ।
এসব সমস্যা মোকাবিলায় শ্রম অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে জাতীয় কর্মপরিকল্পনা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।