শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিরাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় পদে থাকা যায় না—এ কারণেই তিনি পদত্যাগ করেছেন।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন মির্জা ফখরুল। পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


এদিকে মির্জা ফখরুলের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে দুপুর ২টার দিকে নির্বাচন কমিশনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন ওই দলে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। মির্জা ফখরুলের প্রস্তাবক হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।


রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক বিএনপি নেতা ও এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকায় আগামী ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে।


একাধিক প্রার্থী থাকায় দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন হচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।


তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।