শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রীর ভারত-জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর ভারত-জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রীর ভারত-জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফরের পরিকল্পনা থাকলেও এখনো কোনো সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী দুই দেশ সফর করবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ অধিবেশনসহ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংবিধানিক ব্যস্ততা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর সফরের সময় নির্ধারণ নির্ভর করছে।


ভারত সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের বিভিন্ন জটিল বিষয় সমাধানের সুযোগ রয়েছে। বাংলাদেশ ভারতের কাছ থেকেও ইতিবাচক ও সংবেদনশীল আচরণ প্রত্যাশা করে।


তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত স্পর্শকাতর। কোনো সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে বক্তব্য দিলে তা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না—বিষয়টি ভারতের বিবেচনায় রাখা উচিত।


জাপান সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। সাম্প্রতিক ফরেন অফিস কনসালটেশনে জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সময়-সুযোগ অনুযায়ী প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।


সম্ভাব্য সফরে থার্ড টার্মিনাল, মাতারবাড়ী প্রকল্প এবং দক্ষ জনশক্তি জাপানে পাঠানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলেও জানান তিনি।


এ ছাড়া সম্প্রতি সিঙ্গাপুর সফরকে সফল দাবি করে শামা ওবায়েদ জানান, দেশটিতে কর্মরত বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। তিনি গত ছয় মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব অর্জনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।