তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, দেশের অর্জন ও অগ্রাধিকারগুলো যথাযথভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন এবং আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে কার্যকর প্রচারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়। ড. আইরিন খান বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা চান। তথ্যমন্ত্রী তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। এসব মোকাবিলায় দ্রুত সঠিক তথ্য সরবরাহ, কার্যকর যোগাযোগ কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
তথ্যমন্ত্রী অপতথ্য মোকাবিলায় সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।