শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিসচিবালয়ে বৈঠক নিয়ে সমালোচনার জবাব বিএনপির

সচিবালয়ে বৈঠক নিয়ে সমালোচনার জবাব বিএনপির

favicon
ভোরের আলো ডেস্ক:
সচিবালয়ে বৈঠক নিয়ে সমালোচনার জবাব বিএনপির

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে জামায়াতসহ বিরোধী পক্ষের সমালোচনার জবাব দিয়েছে বিএনপি। দলটি বলছে, সচিবালয়ে কোনো আনুষ্ঠানিক দলীয় বৈঠক হয়নি; নিজেদের মধ্যে প্রার্থিতা ও নির্বাচনসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সচিবালয়ে বৈঠকের বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সেখানে কোনো দলীয় মিটিং হয়নি। নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। এ ধরনের আলোচনা দেশের যেকোনো জায়গায় হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল এবং দলের চেয়ারম্যানও তা ঘোষণা করেছেন।


রুহুল কবির রিজভীও বলেন, সচিবালয়ের আলোচনা বিএনপির স্থায়ী কমিটির কোনো আনুষ্ঠানিক সভা ছিল না।


অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে ‘নিয়ম রক্ষার নির্বাচন’ বলা হচ্ছে—বিরোধী দলের এমন বক্তব্যেরও জবাব দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন বলার সুযোগ নেই।


গণভোট বা সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের দাবির সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিরোধ নেই। বিরোধী দল নির্বাচন বর্জন না করে অংশগ্রহণ করছে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।


গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সমন্বয়ে নির্ধারিত নিয়ম মেনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


সংবিধান সংস্কার প্রসঙ্গে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।


তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হবে। তবে সংবিধান একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে প্রয়োজনীয় সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।