আলোনসোর জন্য রিয়ালের দরজা খোলা, বিদায়বেলায় আবেগী আনচেলত্তি
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিজের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জাভি আলোনসোকে দেখতে মোটেও অস্বস্তি বোধ করেন না কার্লো আনচেলত্তি। বরং সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের প্রশংসায় পঞ্চমুখ এই ইতালিয়ান কোচ।
আনচেলত্তির মতে, আলোনসো এরই মধ্যে নিজেকে বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে প্রমাণ করেছেন। "আমি শুনেছি আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে দারুণ কাজ করেছে এবং তার জন্য রিয়ালের দরজা সবসময় খোলা,"—বলেছেন আনচেলত্তি।
চলতি মৌসুমে রিয়ালের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় কোচ হিসেবে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। শিরোপা না পাওয়ার শঙ্কা থাকায় রিয়াল মাদ্রিদ ডাগআউটে তার সময় যে শেষ পর্যায়ে, তা মোটামুটি নিশ্চিত।
দ্বিতীয় দফায় রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করা আনচেলত্তি ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুইটি লা লিগা, একটি কোপা দেল রে এবং অন্যান্য বেশ কয়েকটি শিরোপা।
রিয়ালের সঙ্গে সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেন তিনি, “রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক কখনও শেষ হয় না। ক্লাবটি আমার হৃদয়ে রয়ে যাবে। এখানে কাটানো সময়ের প্রতিটি মুহূর্ত আমি মনে রাখব। আমার জন্য রিয়ালের সঙ্গে হানিমুন জীবনের শেষ দিন পর্যন্ত চলবে।”
রিয়াল মাদ্রিদের চলতি মৌসুম শেষ হবে আগামী ২৫ মে, সেদিনই আনচেলত্তির আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।