সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজা শান্তি পরিকল্পনা ফেরাতে হামাসের সঙ্গে গোপন বৈঠকে কুশনার

গাজা শান্তি পরিকল্পনা ফেরাতে হামাসের সঙ্গে গোপন বৈঠকে কুশনার

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজা শান্তি পরিকল্পনা ফেরাতে হামাসের সঙ্গে গোপন বৈঠকে কুশনার

গাজা যুদ্ধের অবসান ও যুদ্ধ-পরবর্তী কাঠামো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পুনরুজ্জীবিত করতে মিসরে হামাস নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনার। মিসরের আল-আলামিনে অনুষ্ঠিত বৈঠকে হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হায়া এবং বোর্ড অব পিসের পরিচালক নিকোলাই ম্লাদেনভ অংশ নেন।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি ও যুদ্ধ-পরবর্তী কাঠামোর কয়েকটি ধারা প্রত্যাখ্যান করার পর নতুন করে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও আলোচনা করেছেন কুশনার।


শান্তি পরিকল্পনাটি চূড়ান্ত করতে কুশনার নেতানিয়াহুসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আরও বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় যুদ্ধবিরতি, গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।


এদিকে মার্কিন রোডম্যাপ গ্রহণে ইসরায়েলের আপত্তির কঠোর সমালোচনা করেছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার আটটি দেশ। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি অবস্থানের নিন্দা জানিয়েছেন।


যৌথ বিবৃতিতে দেশগুলো সতর্ক করে বলেছে, শান্তি উদ্যোগটি ব্যর্থ হলে গাজায় দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের জন্য চলমান আন্তর্জাতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।


অন্যদিকে গাজা নিয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও সামরিক উপস্থিতির প্রশ্নে কোনো আপস করা হবে না।


ফলে একদিকে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও, ইসরায়েলের কঠোর অবস্থানের কারণে গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।