২৫ বছরের মধ্যে সর্বোচ্চ সুদে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
ক্রমবর্ধমান সরকারি ঋণের কারণে নতুন করে ইস্যু করা বন্ডে ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ সুদ দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশটিকে এখন সরকারি বন্ডে তুলনামূলক বেশি মুনাফা দিতে হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ৩০ বছর মেয়াদি সরকারি বন্ড ৫ দশমিক ২১৬ শতাংশ সুদে বিক্রি করে। ২০০১ সালের পর কোনো ঋণ নিলামে এটিই সর্বোচ্চ সুদের হার।
এর আগের দিন বুধবার ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ড ৪ দশমিক ৬৮৩ শতাংশ সুদে বিক্রি করা হয়। ২০০৭ সালের পর এই মেয়াদের বন্ডে এটিই সর্বোচ্চ সুদের হার।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ বর্তমানে ৪০ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। একই সঙ্গে দেশটির ঋণ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত ১২১ শতাংশের বেশি। প্রতি বছর জাতীয় ঋণের সুদ পরিশোধে যুক্তরাষ্ট্র এখন প্রতিরক্ষা খাতের চেয়েও বেশি অর্থ ব্যয় করছে।
মার্লবরোর ফান্ড ম্যানেজার জেমস অ্যাথি বলেন, শান্তিকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি এখন রেকর্ড পর্যায়ে রয়েছে। অথচ দেশটিতে বেকারত্বের হার কম এবং অর্থনীতি প্রায় ৩ শতাংশ হারে বাড়ছে। তাঁর মতে, বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতির দেশটির এই বিশাল ঘাটতি উদ্বেগের কারণ।
তিনি বলেন, এই পরিস্থিতি ইঙ্গিত করতে পারে যে মার্কিন অর্থনীতি অনেকের ধারণার মতো শক্তিশালী নয়। ভবিষ্যতে অর্থনৈতিক মন্দা দেখা দিলে ঘাটতি আরও বাড়তে পারে, যা সরকারের অর্থ ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
বাজেট ঘাটতির কারণে মার্কিন সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ধার করতে হচ্ছে। এতে বাজারে সরকারি বন্ডের সরবরাহ বাড়ছে এবং বন্ডের ইল্ড বা সুদের হার আরও বাড়ার চাপ তৈরি হচ্ছে।
অ্যাথির মতে, মার্কিন ফেডারেল রিজার্ভের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগও সরকারের ঋণ নেওয়ার খরচ বাড়ার অন্যতম কারণ। একই সঙ্গে ফেডের নীতিনির্ধারণে রাজনৈতিক প্রভাব কতটা রয়েছে এবং প্রতিষ্ঠানটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন রয়েছে।
এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, মার্কিন সরকারি বন্ডের ইল্ড বেশি থাকার পেছনে বিপুল বন্ড নিলাম, বড় বাজেট ঘাটতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে করপোরেট ঋণ বৃদ্ধির মতো কয়েকটি কারণ রয়েছে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই প্রকল্পে অর্থায়নের জন্য করপোরেট বন্ড বাজার থেকে ঋণ নিচ্ছে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, এই পাঁচ কোম্পানি চলতি বছর প্রায় ২৫০ বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করতে পারে। ২০২৭ সালে তা বেড়ে ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
বাজারে বিপুল পরিমাণ নতুন বন্ড আসায় পরিস্থিতি অনেকটা ক্রেতাদের অনুকূলে চলে যাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা বেশি মুনাফা বা রিটার্ন দাবি করার সুযোগ পাচ্ছেন। এতে সরকারি ও করপোরেট—উভয় খাতের ঋণ নেওয়ার খরচ বাড়ছে।
মার্কিন ট্রেজারি বিভাগ বৃহস্পতিবার ৩০ বছর মেয়াদি সরকারি বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এতে তুলনামূলকভাবে বেশি ইল্ড দিতে হয়েছে সরকারকে। তবে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার খরচ এখনো যুক্তরাজ্যের তুলনায় কম। গত বছরের সেপ্টেম্বরে ৩০ বছর মেয়াদি মার্কিন সরকারি বন্ডের একটি নিলামে ইল্ড ছিল ৫ দশমিক ৪৭৬ শতাংশ।