সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বরোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত

রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত

favicon
ভোরের আলো ডেস্ক:
রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত

রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মিশনে থাকা একটি এফ-১৮ যুদ্ধবিমান। রোববার (১৬ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা কোনো ড্রোন ভূপাতিত করার ঘটনা এটি চতুর্থবার।


ন্যাটোর সামরিক সদর দফতরের মুখপাত্র ও মার্কিন সেনাবাহিনীর কর্নেল মার্টিন ও'ডনেল জানিয়েছেন, জোটটি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। তবে রোববারের ঘটনার তদন্ত এখনো চলছে। প্রাথমিকভাবে ড্রোনটি রাশিয়ার বলে ধারণা করা হচ্ছে।


রোমানিয়া ন্যাটোর সদস্য এবং ইউক্রেনের সঙ্গে দেশটির ৬১৪ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে রুশ ড্রোন একাধিকবার রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে বুখারেস্ট। কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি রুটের কাছেও ভাসমান মাইন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটি।


তবে এবারের ড্রোনটির উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেয়নি রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, রাডারে ড্রোনটির গতিবিধি শনাক্ত করা হয়। এটি প্রতিবেশী মলদোভা থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গালাতির প্রায় ২৪ কিলোমিটার উত্তরে ড্রোনটি শনাক্ত হয়।


রোমানিয়ায় মোতায়েন স্প্যানিশ ন্যাটো কন্টিনজেন্টের একটি এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটির সঙ্গে রাডারে যোগাযোগ স্থাপন করে। পরে সেটিকে ভূপাতিত করার অনুমতি দেওয়া হয়। স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে নিরাপদে ড্রোনটি ধ্বংস করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।


ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ দুই গ্রামের মধ্যবর্তী একটি জনবসতিহীন এলাকায় পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এর আগে গত জুলাইয়ে রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা দেশটির আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ ড্রোন ভূপাতিত করেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর রোমানিয়ার আকাশসীমায় কয়েক ডজনবার ড্রোন প্রবেশ করলেও জুলাইয়ে প্রথমবারের মতো দেশটির ভূখণ্ডে প্রবেশ করা ড্রোন গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


এ ছাড়া গত মে মাসে ইউক্রেনের ওপর রাশিয়ার রাতভর হামলার সময় একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের একটি আবাসিক ভবনে আছড়ে পড়ে। ওই ঘটনায় দুইজন আহত হন।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিপথ সীমান্ত অতিক্রম করার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ন্যাটোও সতর্ক অবস্থানে রয়েছে।