ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আর্থিক অবস্থার অবনতি, জরিপে ৫৩% ভোটার
যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত এক জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশের অধিকাংশ নাগরিকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে বলে উঠে এসেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের সহায়তায় লন্ডনভিত্তিক অরাজনৈতিক গবেষণা সংস্থা ফোকালডাটা পরিচালিত জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ নিবন্ধিত ভোটার জানিয়েছেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তাদের আর্থিক পরিস্থিতি আগের তুলনায় খারাপ হয়েছে।
জরিপে অংশ নেওয়া নির্দলীয় ভোটারদের ৫৭ শতাংশ এবং প্রায় এক-চতুর্থাংশ রিপাবলিকান সমর্থকও নিজেদের আর্থিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন। একই সঙ্গে প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, বর্তমানে মার্কিন অর্থনীতি ভুল পথে এগোচ্ছে। বিপরীতে মাত্র ২৫ শতাংশ মনে করেন অর্থনীতি সঠিক পথে রয়েছে।
মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও কর্মসংস্থান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের ওপর বেশি আস্থা প্রকাশ করেছেন ভোটাররা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে ৬৪ শতাংশ ভোটার অসন্তোষ জানিয়েছেন।
সামগ্রিকভাবে ট্রাম্পের কাজের প্রতি ৫৫ শতাংশ ভোটার অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি নিজ দল রিপাবলিকানদের মধ্যেও তার জনপ্রিয়তা ৮ শতাংশ পয়েন্ট কমেছে বলে জরিপে উঠে এসেছে।
মধ্যবর্তী নির্বাচনে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের এবং ৩৯ শতাংশ রিপাবলিকানদের সমর্থনের কথা জানিয়েছেন। জরিপ বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিস্থিতিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন তাদের জন্য তুলনামূলক কঠিন হতে পারে।
তবে হোয়াইট হাউস ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছে। মুখপাত্র কুশ দেশাই বলেছেন, ওষুধের দাম কমানো, দেশে কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং কর কমানোর মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার কাজ করছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণেও অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন।
গত ৭ থেকে ১০ আগস্ট পর্যন্ত ১ হাজার ৯১৩ জন ভোটারের মতামতের ভিত্তিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়।