সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনো জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারের আরও সময় প্রয়োজন।


সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রমের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে জনগণই মূল্যায়ন করবে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির আরও উন্নতি করতে সময় লাগবে।


আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদনটি অনুমাননির্ভর। তাই অনুমানের ভিত্তিতে তৈরি কোনো প্রতিবেদনকে সরকার গুরুত্ব দিচ্ছে না।


এ সময় দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।


ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য জ্বালানি মজুত রাখার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।